২০৩০ সালের শতবর্ষী ফুটবল বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের যে আলোচনা ফিফা শুরু করেছে, তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’র সভাপতি হাভিয়ের তেবাস। ইতালির ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কঠোর সমালোচনা করেন।
তেবাসের মতে, ফিফা সভাপতি ইনফান্তিনো গত এক দশক ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা পরিচালনা করছেন, তবে তিনি যে ব্যবস্থার ওপর নির্ভর করে ক্ষমতায় রয়েছেন, তাতে বড় ধরনের ত্রুটি বিদ্যমান। লা লিগা প্রধান স্পষ্টভাবেই বলেছেন, ফুটবলে ইনফান্তিনোর অধ্যায় এখন শেষের পথে।
ফুটবলের বিশ্বায়ন এবং অতিরিক্ত ম্যাচের চাপের কারণে ঘরোয়া ফুটবল যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সে বিষয়টিও তুলে ধরেন তেবাস। তিনি বলেন, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য তারা পুরো ফুটবল শিল্পকে ধ্বংস করে দিচ্ছেন, যা লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। অথচ এই বিশ্বকাপে হাতেগোনা কয়েকজন ফুটবলারই অংশ নেওয়ার সুযোগ পান।
উল্লেখ্য যে, ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এছাড়া শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে প্যারাগুয়ে, উরুগুয়ে ও আর্জেন্টিনায় একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেই ফিফা সভাপতি দলসংখ্যা বাড়িয়ে ৬৪ করার বিষয়ে আলোচনার কথা প্রথম প্রকাশ্যে এনেছিলেন।
ফিফার ক্যালেন্ডার ও ম্যাচের অতিরিক্ত চাপ নিয়ে উদ্বেগ জানিয়ে তেবাস আরও বলেন, তারা বারবার আন্তর্জাতিক ম্যাচের সূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করা সত্ত্বেও ফিফা ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের পাঁয়তারা করছে। তার মতে, ফিফার বোঝা উচিত যে বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলোই মূলত ফুটবল খেলাটাকে বাঁচিয়ে রাখে। জাতীয় দলের ম্যাচ কমিয়ে সব স্তরের ঘরোয়া ফুটবলকে সুরক্ষা দেওয়ার পরিবর্তে ফিফা একের পর এক দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।