স্থানীয় সরকারের প্রথম ধাপের নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখে আগস্ট মাসে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২২ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই কমিশন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী অক্টোবরেই প্রথম ধাপের নির্বাচন আয়োজন করা সম্ভব হবে এবং আগস্টের মধ্যেই এর তফসিল ঘোষণা করা যাবে।
নির্বাচন কমিশনার জানান, নির্বাচন ব্যবস্থাপনার সুবিধার্থে অল্প সময়ে বেশি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের। তবে কয়টি ধাপে নির্বাচন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া ইউনিয়ন পরিষদ, পৌরসভা নাকি উপজেলা—কোনটির নির্বাচন আগে হবে, সেটিও এখনই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় বিবেচনা করেই নির্বাচনের সময়সূচী নির্ধারণ করা হবে।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, নির্বাচনের সুবিধার্থে যে প্রতিষ্ঠানের ভোট শুরু হবে, তা পর্যায়ক্রমে শেষ করা হবে। এছাড়া আইনি বাধ্যবাধকতা বা আদালতের কোনো নির্দেশনা থাকলে সেটিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ বা প্রবাসী ভোটারদের অংশগ্রহণের বিষয়ে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে তিনি জানান।
নির্বাচনে সহিংসতার মাত্রা কমিয়ে আনতে কমিশনের সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, আচরণবিধি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অল্প সময়ের মধ্যেই তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। বর্তমান স্থানীয় সরকার আইন দিয়েই নির্বাচন পরিচালনা করা সম্ভব উল্লেখ করে তিনি জানান, আইন সংশোধনের প্রয়োজন হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।