রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে ইউসুফ আলী ওরফে পারভেজ (৪৫) নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাতে মিরপুর ১৩ নম্বর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহত ইউসুফ বরিশালের উজিরপুর উপজেলার সাকরাল গ্রামের মৃত শাহজাহান বেপারীর ছেলে এবং তিনি কাফরুল থানা যুবদলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে মিরপুর ১৩ নম্বরে ওপেক্স গার্মেন্টসের সামনে একটি দোকানের পাশে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু এবং যুবদলকর্মী ইউসুফ ও মনির হোসেন আড্ডা দিচ্ছিলেন। এসময় সেখানে চার-পাঁচজন যুবক ঘোরাঘুরি করছিল। তাদের ঘোরাঘুরির কারণ জানতে চাইলে কিছু বুঝে ওঠার আগেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।
আহতদের মধ্যে যুবদলকর্মী মনির হোসেন (৩২) এবং কাঁচামাল বিক্রেতা সালাম সরদার (৪৫) রয়েছেন। স্থানীয়রা ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইউসুফের বুকে, মনিরের বাঁ পায়ে এবং সালামের মাথার ডান পাশে গুলি লেগেছে। বর্তমানে আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মিরপুর বিভাগের পুলিশের উপকমিশনার মো. মোস্তাক সরকার জানান, এই হামলায় চারজন অংশ নিয়েছিল। ঘটনার পর পুলিশ চঞ্চল নামের একজনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে। জড়িত অন্য তিনজনকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলমান রয়েছে।