রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়ক থেকে ছাতার ভেতর লুকিয়ে রাখা একটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই বোমাটি উদ্ধার করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে একটি পরিত্যক্ত ছাতার ভেতরে বোমাটি দেখতে পান পথচারীরা। এতে সেখানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সদস্যরা এবং পুরো এলাকাটি ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে ওই সড়কে কিছুঞ্চলের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে এই সময়ে মেট্রোরেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ছিল।
এ বিষয়ে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, মেট্রোরেল স্টেশনের নিচের সড়কের পাশ থেকে বোমাটি উদ্ধার করা হয়েছে। এ কারণে সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল বলে নিশ্চিত করেন তিনি।
বোমাটি সম্পর্কে জানতে চাইলে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একজন কর্মকর্তা জানান, নিষ্ক্রিয় করা বোমাটি ছিল একটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)। এ ধরনের আইইডি বোমাগুলো সাধারণত অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে।
এদিকে ঘটনার বিষয়ে জানতে মেট্রোরেল পুলিশের (এমআরটি) উপমহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি প্রতিবেদন তৈরি করতে ব্যস্ত আছি। এ নিয়ে এখন কথা বলতে পারব না।"