ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর নিয়ে মাঠে ফিরছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে তিনি বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন। আগামী ৩০ জুলাই জাম্বিয়ায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে এশিয়ার সাবেক আন্তর্জাতিক তারকারা অংশ নিচ্ছেন। মোট ছয়টি দল ও ১৯টি ম্যাচের এই টুর্নামেন্ট ঘিরে ক্রিকেটভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দল হলো বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং রেস্ট অব এশিয়ান স্টার্স। বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে সাকিবের সঙ্গে রয়েছেন সাবেক অলরাউন্ডার আলোক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, আল মামুন রাসেল, সাদেকুর রহমান ও ইমন আহমেদ।
এই টুর্নামেন্টে এশিয়া অঞ্চলের অনেক বড় বড় তারকা অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতের ইউসুফ পাঠান ও আম্বাতি রায়ডু, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, উপুল থারাঙ্গা ও ইসুরু উদানা, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, উমর আকমল, মোহাম্মদ ইরফান এবং আফগানিস্তানের আসগার আফগান।
আগামী ৩০ জুলাই জার্সি উন্মোচনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস। ৩১ জুলাই ডাবল-হেডার ম্যাচের প্রথমটিতে লড়বে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স। একই দিনে দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের বাংলাদেশ টাইগার্স মুখোমুখি হবে ইন্ডিয়ান রয়্যালসের। টুর্নামেন্টের কোয়ালিফায়ার-১ অনুষ্ঠিত হবে ৮ আগস্ট, কোয়ালিফায়ার-২ হবে ৯ আগস্ট এবং ১০ আগস্ট ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টটি শেষ হবে। সনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে তিন মৌসুমের সম্প্রচার চুক্তি থাকায় ক্রিকেটপ্রেমীরা খেলাগুলো সরাসরি উপভোগ করতে পারবেন।