বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৬৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসি মিলানের ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়কের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে এসি মিলান শোক প্রকাশ করে জানিয়েছে, ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে ইতালির ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার আদর্শ ও সততা ক্লাবের ডিএনএতে চিরকাল লেখা থাকবে এবং তার ৬ নম্বর জার্সি ক্লাবের ঐতিহ্য ও পরিচয়ের অংশ হয়ে থাকবে।
১৯৬০ সালের ৮ মে ইতালির ত্রাভালিয়াতো শহরে জন্মগ্রহণ করেন বারেসি। খেলোয়াড়ি জীবনে ১৯৭৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি এসি মিলানের হয়ে মাঠ কাঁপিয়েছেন। মিলানের জার্সিতে ৫৩২ ম্যাচে তিনি ১৬টি গোল করেছেন এবং ১৫ মৌসুম নেতৃত্ব দিয়েছেন দলকে। তার হাত ধরে ক্লাবটি তিনটি ইউরোপীয় কাপ তথা বর্তমান চ্যাম্পিয়নস লিগ ও ছয়টি ইতালিয়ান লিগ শিরোপা জয়ের গৌরব অর্জন করে। ১৯৯৭ সালে অবসরের পর তার সম্মানে এসি মিলান ৬ নম্বর জার্সিটি তুলে রাখে, যা ক্লাবের কোনো খেলোয়াড়ের জন্য প্রথম বিরল সম্মান ছিল।
ইতালির জাতীয় দলের জার্সিতে ১৯৮২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ৮১ ম্যাচে মাঠে নেমেছিলেন বারেসি। ১৯৮২ সালে বিশ্বকাপজয়ী ইতালি দলের সদস্য থাকলেও সেই আসরে তার খেলার সুযোগ হয়নি। এরপর কোচের সঙ্গে বিরোধের জেরে ১৯৮৬ বিশ্বকাপ থেকে বাদ পড়েন। ১৯৯০ বিশ্বকাপে প্রথমবারের মতো আসরে খেলার সুযোগ পান এবং ইতালি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায়। ১৯৯৪ বিশ্বকাপে বারেসির নেতৃত্বেই ইতালি ফাইনালে ওঠে, তবে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের কাছে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত হয়। ওই ফাইনালে টাইব্রেকারে ইতালির হয়ে প্রথম শট নেওয়া বারেসি গোল করতে ব্যর্থ হয়েছিলেন।
১৯৮২-১৯৯৪ সাল পর্যন্ত ইতালির জার্সিতে ৮১ ম্যাচ খেলে মাত্র এক গোল করেছেন তিনি।