জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, এই গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে শাহবাগের জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, বিএনপি ও অন্যান্য যে সব রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ দীর্ঘ ১৮ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি করেছেন এবং ছাত্র-জনতাসহ পুরো জাতিকে সহযোগিতা করেছেন, তারা যেন এই সময়ে এসে দ্বিধা-বিভক্ত না হন। সামান্য ব্যক্তিগত বা দলীয় স্বার্থে জাতিকে আর বিভক্ত না করার জন্য তিনি অনুরোধ জানান।
আহমেদ আযম খান আরও বলেন, একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ এবং ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে। অতীতের ফ্যাসিবাদের মতো আচরণ করে কেউ যদি দেশকে আবারও বিভক্ত করতে চায়, তবে দেশের জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না। জনগণ এখন সমৃদ্ধি ও গণতন্ত্র চায় এবং কথা বলার যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তা তারা উপভোগ করতে চায়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আমাদের নেতা তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে নিরলসভাবে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পুরো জাতিকে সঙ্গে নিয়ে দেশ গড়ার নতুন যাত্রা শুরু করেছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।