বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিন। তিনি গ্রেড-১ পদমর্যাদায় এক বছরের চুক্তিতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই পদে দায়িত্ব পালন করা মো. মাহবুবুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে কাজী জেসিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়। একই সঙ্গে ২০২৪ সালের সেপ্টেম্বরে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. মাহবুবুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
সাংবাদিক ও কবি কাজী জেসিনকে বিটিভির প্রধান হিসেবে নিয়োগের শর্তে বলা হয়েছে, এই দায়িত্ব পালনের সময় তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা, সরকারি কিংবা আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
উল্লেখ্য যে, কাজী জেসিন তার বর্ণাঢ্য কর্মজীবনে দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টিভি, বাংলাভিশন ও যমুনা টিভিতে সাংবাদিকতা ও উপস্থাপনায় দায়িত্ব পালন করেছেন।