আজ সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করবেন।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীরা মোবাইল ফোনের এসএমএস এবং ইন্টারনেটের মাধ্যমে তা জানতে পারবে। পরীক্ষার্থী ও অভিভাবকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা সংবাদপত্র অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।
অনলাইনে ফল দেখার জন্য শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd) ব্যবহার করা যাবে। সেখানে শিক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা সম্ভব। এছাড়া যে বোর্ড থেকে পরীক্ষা দেওয়া হয়েছে, সেই বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পেতে যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে মেসেজ পাঠাতে হবে। নিয়ম অনুযায়ী, মেসেজ অপশনে গিয়ে SSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়েছিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা ২০ মে এবং দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ ২৪ মে শেষ হয়। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম থাকলেও, নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার ফলাফল প্রকাশ করা হচ্ছে।
প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে বা ফল খারাপ হলে পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন করার সুযোগ থাকবে। এ সংক্রান্ত অনলাইন আবেদন ১১ আগস্ট থেকে শুরু হয়ে ১৭ আগস্ট পর্যন্ত চলবে।