উত্তরা ইউনিভার্সিটিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সপ্তাহব্যাপী সর্ববৃহৎ আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ‘ভিসি স্পোর্টস উইক ২০২৬’। গত ৩ আগস্ট ২০২৬ তারিখে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, সততা ও নেতৃত্ব নিশ্চিতকরণে নিরবচ্ছিন্ন প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ টুর্নামেন্টটি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা-র উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অধীনে থাকা স্পোর্টস ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় গত ২৭ জুলাই এই ক্রীড়া উৎসবের সূচনা হয়েছিল। সপ্তাহব্যাপী চলা এই আয়োজনে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, দাবা, ক্যারম ও টেবিল টেনিস—এই ছয়টি ভিন্ন ইভেন্টে বিভিন্ন একাডেমিক বিভাগের ৫৪০ জন ছাত্র-ক্রীড়াবিদ অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। উৎসবমুখর এই সমাপনী পর্বে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পাশাপাশি সেরা পারফর্মারদের হাতে ট্রফি, পদক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, "খেলাধুলা কেবল মাঠের জয়-পরাজয় নয়, এটি শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে।"
পুরস্কার বিতরণী পর্ব শেষে এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চমৎকার গান পরিবেশনার পাশাপাশি মঞ্চ মাতায় তরুণদের পছন্দের দুই জনপ্রিয় ব্যান্ড ‘এনকোর’ ও ‘ইডেনস গার্ডেন’। শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের মেধা ও মননের সার্বিক বিকাশে উত্তরা ইউনিভার্সিটি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সহ-শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।