রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার নতুন আবহাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৭টা থেকে কার্যকর হওয়া এই পূর্বাভাস অনুযায়ী, দুপুর নাগাদ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং এ সময়ের মধ্যেই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে মৃদু হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া আজ সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল বুধবার ভোর ৫টা ৩২ মিনিটে সূর্যোদয় হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।