ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতার নিরিখে বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের পরিচয় কেবল ‘বাংলাদেশি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই এবং এ দেশের প্রতিটি নাগরিক ‘অধিবাসী’ হিসেবে সমান অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করেন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশের জন্য ‘আদিবাসী’ পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিটাগাং হিল ট্র্যাকটস রিসার্চ ফাউন্ডেশন (সিএইচটিআরএফ) এই আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএইচটিআরএফ-চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল ‘জুলাই জাতীয় সনদ’-এ দেশের সকল রাজনৈতিক দল ও অংশীজন ঐক্যবদ্ধভাবে সম্মত হয়েছেন যে, বাংলাদেশের ভূখণ্ডের মানুষের পরিচয় হবে ‘বাংলাদেশি’। এই জাতীয় ঐক্য ও রাজনৈতিক অঙ্গীকার দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার মূল ভিত্তি হিসেবে কাজ করে। তবে মন্ত্রী আরও যোগ করেন, রাষ্ট্র তার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও বিকাশে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
জাতিসংঘের ‘ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অব ইনডিজিনাস পিপলস’ (ইউএনডিআরআইপি) সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর গৃহীত এই সনদের ক্ষেত্রে বাংলাদেশ শুরু থেকেই স্পষ্ট অবস্থান নিয়েছিল। ভোটাভুটির সময় বাংলাদেশ ভোটদানে বিরত ছিল এবং বিশ্বের অনেক প্রভাবশালী রাষ্ট্রও এর বিপক্ষে অবস্থান নিয়েছিল।
গোলটেবিল আলোচনায় আরও অংশ নেন সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স, প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খাঁন, অধ্যাপক সুকোমল বড়ুয়া, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির সারজিস আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, সম্পাদক মারুফ কামাল খান এবং প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রবসহ অন্যান্যরা।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে চিটাগাং হিল ট্র্যাকটস রিসার্চ ফাউন্ডেশন (সিএইচটিআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের জন্য ‘আদিবাসী’ পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।