ইসলামী ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলম এবং তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য ও সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেছিলেন ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী। এই অভিযোগ দায়েরের পরপরই ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে।
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন জানান, ওই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়নি, বরং সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অনুমতি না নিয়েই মোহাম্মদ ইয়াসীন আলী নিজ উদ্যোগে দুদকে অভিযোগটি জমা দিয়েছিলেন, যার ফলে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন।
ব্যাংকের নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ জুলাইয়ের সিদ্ধান্তের পর ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার পক্ষ থেকে মোহাম্মদ ইয়াসীন আলীকে সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড, তাদের সহযোগী প্রতিষ্ঠান গ্যালাক্সি সোয়েটার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়েরের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে ২৭ জুলাই শাখার ব্যবস্থাপনার পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়। তবে বরখাস্তের বিষয়ে মোহাম্মদ ইয়াসীন আলী কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, সোমবার ইসলামী ব্যাংকের পক্ষে মোহাম্মদ ইয়াসীন আলী দুদকে এই অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরবর্তীতে এই ঋণের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য এবং বর্তমানে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলাসহ ৩৮ জনকে এই আত্মসাতের ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। চারটি অডিট ফার্মের মাধ্যমে তদন্তের ভিত্তিতে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।