দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নির্বাচন প্রস্তুতির বিষয়ে আয়োজিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
ভোটদান পদ্ধতি সম্পর্কে সচিব জানান, সংসদ সদস্যরা তাদের নিজ নিজ আসনে বসে ভোট দেবেন। নির্বাচন কমিশনের সহায়তাকারী ২০ জন কর্মকর্তা স্পিকারসহ সদস্যদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন। ব্যালট পেপারে দুটি অংশ থাকবে; একটি অংশে ভোটারের নাম, ক্রমিক নম্বর, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের জায়গা থাকবে এবং অন্য অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। ভোটারকে পছন্দের প্রার্থীর নামের পাশে লিখে স্বাক্ষর করতে হবে। এরপর সামনে রাখা তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দিতে হবে।
ইসি সচিব আরও জানান, মোট ৩৪৯টি ব্যালট থাকবে। ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর অধিবেশনকক্ষেই তাৎক্ষণিকভাবে ভোট গণনা করা হবে। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সেখানে প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন এবং পরবর্তীতে সচিবালয় থেকে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
নির্বাচনী প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে এবং সংবাদকর্মীদের জন্য নির্ধারিত বসার ব্যবস্থা থাকবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ৩৫ বছর পর এবারের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।