প্রেসিডেন্ট পদে বিএনপি’র প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার মন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করতে যাচ্ছেন। নির্বাচন কমিশনে যাচাই-বাছাইয়ে তার নাম চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণার পরপরই তিনি মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বলে জানা গেছে।
মির্জা ফখরুলের ছেড়ে দেয়া মন্ত্রণালয়ে কে দায়িত্ব পাবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ই আগস্ট বর্তমান বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও মন্ত্রীদের কাজের মূল্যায়নের বার্তা আগেই দিয়েছিলেন। এদিকে ২০শে আগস্ট প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিবর্তনের অংশ হিসেবে কিছু দপ্তর অদল-বদল হতে পারে এবং কেউ কেউ মন্ত্রিসভা থেকে বাদও পড়তে পারেন।
বিএনপি’র স্থায়ী কমিটির দু’জন সদস্য জানিয়েছেন, নতুন প্রেসিডেন্টের শপথের আগে মন্ত্রিসভায় কোনো বড় পরিবর্তন আসবে না। শপথের পরেই ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হবে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরে রদবদল হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। সচিবালয়ে অনুষ্ঠিত সিনিয়র নেতাদের বৈঠকের বিষয়ে এক হুইপ জানিয়েছেন, সেখানে পরবর্তী মহাসচিব বা রদবদল নিয়ে কোনো আলোচনা হয়নি, মূল ফোকাস ছিল প্রেসিডেন্ট প্রার্থীর ঘোষণার ওপর।
দলের ভেতরে নতুন মহাসচিব নিয়োগ নিয়ে জোর জল্পনা চলছে। দলীয় সূত্র অনুযায়ী, আগামী ডিসেম্বরে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হতে পারে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে মির্জা ফখরুল সরে দাঁড়ালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সেখানে আসতে পারেন। এমনটি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে দেয়া হতে পারে, যিনি বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে পানিসম্পদ মন্ত্রণালয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের নাম আলোচনায় রয়েছে। গত ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১৭ই ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে এই সরকার গঠিত হয়। বর্তমান সরকারে ২৪ জন মন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন।