ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের বক্কর ড্রাইভারের বাড়িতে সালেহ আহমদ (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সালেহ আহমদ ওই বাড়ির মৃত মৌলভী আলী আহমদের ছেলে।
নিহতের স্বজনদের ভাষ্যমতে, ঘটনার সময় সালেহ আহমদ আসরের নামাজ শেষে বাড়ির পেছনে জঙ্গল পরিষ্কার করছিলেন। এ সময় ভুলবশত একই বাড়ির দুলালের দুটি কচুগাছ কাটা পড়ে। এ নিয়ে দুলালের সঙ্গে সালেহ আহমদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুলাল বালতি দিয়ে সালেহ আহমদকে পিটিয়ে গুরুতর আহত করেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের আত্মীয় রিপন জানান, দীর্ঘ দিন ধরেই জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে বক্কর ড্রাইভারের ছেলে দুলালের সঙ্গে সালেহ আহমদের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় কচুর পাতা কাটাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর রাতে পুলিশ লাশ উদ্ধার করে ছাগলনাইয়া থানায় নিয়ে যায়। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পাঠানোর কথা রয়েছে। ছাগলনাইয়া থানার ডিউটি অফিসার এএসআই আলতাফ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে নিহতের স্বজনরা জানিয়েছেন, সৌদি প্রবাসী ছেলে ওমর ফারুক বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরছেন। তিনি দেশে পৌঁছানোর পর এ বিষয়ে মামলা করা হবে। তবে অভিযুক্ত দুলালের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।