প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রোববার (১৬ আগস্ট) সকালে সড়কপথে তিনি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। এই সফরকে ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানান, এবারের জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’। প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই স্থানে তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ দেবেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকার গৃহীত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন। এরপর তিনি জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। বিকাল সোয়া ৩টা থেকে ৪টা পর্যন্ত তিনি কিশোরগঞ্জ সার্কিট হাউসে বিরতি নেবেন।
সফরের শেষভাগে বিকাল ৪টায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এই সফরের মাধ্যমে তিনি স্থানীয় বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত হবেন।