বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়ায় নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, 'এ-৩' ভিসা ক্যাটাগরি এবং অন্যান্য কর্মসংস্থান ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার সময় তাদের ওয়ার্ক পারমিট হালনাগাদ আছে কি না, তা নিশ্চিত করতে হবে। বৈধ ওয়ার্ক পারমিট থাকা সাপেক্ষে প্রচলিত 'কেওয়াইসি' (KYC) বিধি পরিপালন করে ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন ও ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এই নিয়মটি কার্যকর করার লক্ষ্যে তাদের ব্যাংক হিসাব খোলা জরুরি। কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৯ এপ্রিল জারি করা পরিপত্র অনুযায়ী, 'এ-৩' ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশিদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমেই গ্রহণ করতে হবে।
এ ধরনের বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হয় এবং নির্ধারিত মেয়াদ শেষ হলে তা নবায়নও করতে হয়। ওয়ার্ক পারমিটে অনেক ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের শর্তও উল্লেখ থাকে। তাই বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।