কক্সবাজারের রামুতে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিটে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে এর চালক মো. জসিম (৩৫) এবং আরোহী মো. আলমগীরকে (৪৯) জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে মোটরসাইকেলটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ওই ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতদের পরিচয় নিশ্চিত করেছে বিজিবি। তাদের মধ্যে মো. জসিম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আন্দারমানিক এলাকার মো. মোজাহের মিয়ার ছেলে এবং মো. আলমগীর একই এলাকার মৃত ফয়জুল আহমদের ছেলে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে রামু ব্যাটালিয়নের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা এবং আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের রামু থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।