স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পুলিশ প্রধানের আকস্মিক থানা পরিদর্শনের পরপরই তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত পৃথক কার্যালয় আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তেজগাঁও থানার ওসি পুলিশ পরিদর্শক ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ওসি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল খান। প্রশাসনিক কারণ দেখিয়ে তাদের সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এই প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট ২০২৬ তারিখ থেকেই কার্যকর হবে।
এর আগে শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আকস্মিকভাবে তেজগাঁও থানায় পরিদর্শনে যান। পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী থানার ওসিকে সেখানে পাননি। অন্যদিকে, একই দিন সন্ধ্যায় পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনার পল্টন মডেল থানা পরিদর্শনে যান। সেখানে ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খানকে সিভিল পোশাকে পাওয়া যায়। এ সময় থানার কিছু কার্যক্রমেও অসংগতি তাদের নজরে আসে। মূলত এই পরিদর্শনের পর প্রশাসনিক পদক্ষেপ হিসেবেই তাদের প্রত্যাহার করা হয়েছে।