রাজধানীর বারিধারা ও গুলশানের পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি ই-মেইলের মাধ্যমে ঢাকার কয়েকটি দূতাবাসে হুমকির বার্তা পাঠানোর ঘটনার পরিপ্রেক্ষিতে এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ই-মেইলের মাধ্যমে চীন ও রাশিয়া দূতাবাসকে হুমকি দেওয়া হয়েছে। কূটনৈতিক নিয়ম অনুযায়ী, দূতাবাসগুলো বিষয়টি প্রথমেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তর এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে বিষয়টি জানানো হলে তাৎক্ষণিকভাবে কূটনৈতিক পাড়ায় নজরদারি ও মনিটরিং বাড়ানো হয়।
হুমকির উৎস সম্পর্কে আবু খায়ের বলেন, বিষয়টি নিয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি কোনো ভুয়া ই-মেইল বা স্ক্যাম হতে পারে। সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক জানিয়েছেন, ঘটনা জানার পর তাদের কর্মকর্তারা দূতাবাসগুলো পরিদর্শন করেছেন এবং বর্তমানে তদন্ত কার্যক্রম চলছে। প্রসঙ্গত, গত সপ্তাহে ই-মেইল পাঠিয়ে চীন ও রাশিয়াসহ ঢাকার একাধিক দূতাবাসে হুমকি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে আজ নিরাপত্তা জোরদার করা হয়েছে।