আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ রোববার (৩০ আগস্ট) সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট। এই কর্মসূচির অংশ হিসেবে জোটের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হবে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে এই পদযাত্রা ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি নেওয়া হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রোববার বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে সংসদ অভিমুখে এই পদযাত্রা শুরু হবে। মিছিল সহকারে জাতীয় সংসদ ভবনের সামনে উপস্থিত হয়ে স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এই কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানানো হয়েছে। একই সঙ্গে কর্মসূচিটিকে সার্বিকভাবে সফল করার জন্য জোটের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়েছে।