ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ফুটবলবিশ্ব সাক্ষী হলো এক ঐতিহাসিক মুহূর্তের। তরুণ তুর্কি লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার জোড়া গোলে ভর করে রায়ো ভায়েকানোকে ৫-২ ব্যবধানে পরাজিত করেছে বার্সেলোনা। এই ম্যাচে গোল করার মাধ্যমে স্প্যানিশ ফুটবলে ৫০ গোলের এক অবিশ্বাস্য মাইলফলক গড়েছেন ইয়ামাল।
ম্যাচের শুরুটা অবশ্য বার্সার জন্য সুখকর ছিল না। ১২তম মিনিটে সের্হিও ক্যামেলোর গোলে রায়ো ভায়েকানো এগিয়ে যায়। তবে পিছিয়ে পড়ার দুই মিনিটের মাথায় ঘুরে দাঁড়ায় হান্সি ফ্লিকের শিষ্যরা। ১৯তম মিনিটে রাফনিয়া সমতা ফেরান এবং ২১তম মিনিটে গোল করে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইয়ামাল। চলতি মৌসুমে এটি ছিল তরুণ এই উইঙ্গারের প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আধিপত্য আরও স্পষ্ট হয়। ইয়ামাল ও রাফিনিয়া দুজনেই নিজেদের জোড়া গোল পূর্ণ করেন। এছাড়া রায়োর ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজেউনের আত্মঘাতী গোলে বার্সার ব্যবধান আরও বাড়ে। ওদিকে, ক্যামেলো নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোলটি করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি রায়ো। টানা তিন জয়ে এখন লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা, যারা শেষ তিন ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ১২টি গোল দিয়েছে।
ব্যক্তিগত অর্জনের দিক থেকে এই ম্যাচটি ইয়ামালের ক্যারিয়ারে নতুন উচ্চতা যোগ করেছে। মাত্র ১৯ বছর ৪৯ দিন বয়সে ৫০ গোলের মাইলফলকে পৌঁছে তিনি রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল গঞ্জালেস (১৯ বছর ২৪৯ দিন) এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ফার্নান্দো তোরেসকে (২০ বছর ২২১ দিন) পেছনে ফেলেছেন। এমনকি বার্সেলোনার ইতিহাসে ১৯৩৫ সালে জোসেফ এসকোলা ২০ বছর ৩৫৬ দিন বয়সে ৫০ গোল করে যে রেকর্ড গড়েছিলেন, তাও ভেঙে দিয়েছেন ইয়ামাল। ক্লাবের ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসিও এই অর্জনে পৌঁছেছিলেন ২১ বছর ১২০ দিন বয়সে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসেবেও কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হাল্যান্ডকে টপকে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এই রেকর্ড এখন ইয়ামালের দখলে।
বার্সেলোনার জার্সি গায়ে এখন পর্যন্ত ১৫৪টি ম্যাচ খেলেছেন ইয়ামাল, যার ১২৬টিতে তিনি শুরুর একাদশে ছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা ৫১ এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪৫টি গোল।
ম্যাচের ১২তম মিনিটে সের্হিও ক্যামেলোর দারুণ লক্ষ্যভেদে বার্সাকে চমকে দিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা।
ইউরোপের সেরা পাঁচ লিগের হিসেবে আধুনিক সময়ের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে (১৯ বছর ২৪১ দিন) ও আর্লিং হাল্যান্ডকেও (২০ বছর ১৯৬ দিন) টপকে সবচেয়ে কম বয়সে ৫০ গোলের রেকর্ড এখন এই স্প্যানিশ সেনসেশনের ঝুলিতে।