প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ১০। ফেনীর দাগনভূঞা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে এ সংঘর্ষে দুই সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং সাবেক জেলা ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি সামাল দিতে পৌর শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিকেলে আকবর গ্রুপের নেতাকর্মীরা আতাতুর্ক স্কুল মিলনায়তনে আলোচনা সভা শেষ করে বের হওয়ার সময় প্রতিপক্ষ ফটিকের অনুসারীরা তাদের ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল ও বোতল নিক্ষেপ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে সাখাওয়াত হোসেন টিপু ও ফখরুল ইসলাম নামে দুই সংবাদকর্মী আহত হয়েছেন। এছাড়া আকবর গ্রুপের ৩৫-৪০ জন এবং ফটিক গ্রুপের ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ফটিক গ্রুপের দাবি, তাদের পক্ষের নাইমুর রহমান, রিয়াজ, হুমায়ুন আহমদ, রাব্বি ও রায়হানসহ অন্তত ১০-১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে রাব্বি চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে আকবর হোসেনের দাবি, বহিষ্কৃত ফটিকের নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এতে তার স্ত্রী ও উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন আকবর, পৌর যুবদলের সদস্যসচিব ইকবাল সুজন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মানিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিজাম হায়দার ও শ্রমিক দলের সাবেক আহ্বায়ক এম সাইফুল ইসলাম দুলালসহ ৩৫-৪০ জন আহত হয়েছেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানিয়েছেন, সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। এরপরও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।