প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৩১
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের পাহাড়তলী ঘোনা এলাকায় এক কৃষকের খামারবাড়িতে হামলা, গাছপালা কাটা এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক মো. জসিম গত ২৭ জুলাই চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মো. জসিম প্রায় ৩০ বছর ধরে তার পরিবার নিয়ে পাহাড়তলী ঘোনা এলাকায় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন। তার খামারবাড়ি ও বাগানই পরিবারের আয়ের প্রধান উৎস। অভিযোগকারী জানান, আসামিরা দীর্ঘদিন ধরে তার জায়গা দখলের চেষ্টা করে আসছে এবং বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছে।
গত ২৯ মার্চ বিকেলে আসামিরা ১০-১২ জন সহযোগীকে নিয়ে জসিমের খামারবাড়িতে হানা দেয়। এ সময় ৩৫টি আমগাছ ও ২৫টি আকাশিগাছসহ বিভিন্ন ফসল নষ্ট করা হয়, যার আর্থিক মূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা। হামলার সময় আসামিরা ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে খামারবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীকালে ২৯ এপ্রিল ভোরে খামারবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলে বাঁশের বেড়া, টিনের চালের ঘর, সেচের পাম্প, আসবাবপত্র ও রান্নার সরঞ্জামসহ প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সর্বশেষ গত ২২ জুলাই সকালে আসামিরা পুনরায় খামারবাড়িতে উপস্থিত হয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং জায়গা দখল ও বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি অব্যাহত রাখে। এ সময় বাদী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়। কৃষক জসিম এ বিষয়ে রাঙ্গুনিয়া থানায় যোগাযোগ করলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ অনুযায়ী তিনি আদালতে এই অভিযোগ দায়ের করেন।