চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে দেশে মোট ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯টি শিশু উদ্ধার হয়েছে অথবা পরিবারের কাছে ফিরে এসেছে। তবে এখনো সন্ধান মেলেনি ২ হাজার ৩৮ শিশুর। গণমাধ্যমে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের খবর প্রকাশের পর পুলিশ হেডকোয়ার্টার্স বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই তথ্য যাচাই করে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে নয় বছর বয়সী শিশু নিখোঁজের জিডি হয়েছে ৪৭৪টি। এর মধ্যে ৪০৬ জন উদ্ধার হলেও ৬৮ জন এখনো নিখোঁজ রয়েছে। একই সময়ে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে ১৫ হাজার ২৪৩টি, যার মধ্যে ১৩ হাজার ২৭৩ জন উদ্ধার হয়েছে এবং ১ হাজার ৯৭০ জন এখনো নিখোঁজ রয়েছে। অর্থাৎ, মোট নিখোঁজ শিশুর প্রায় ১৩ শতাংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নিখোঁজ শিশুদের পরবর্তী অবস্থা বা উদ্ধারের তথ্য উল্লেখ না থাকায় প্রকৃত চিত্র ফুটে ওঠেনি, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই স্থানীয় থানার মাধ্যমে বিষয়টি যাচাই-বাছাই করে এই পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, ১০ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিখোঁজ হওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে অভিমান, পড়াশোনার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে পড়ার পর লজ্জার ভয়, স্বাধীনভাবে জীবনযাপনের ইচ্ছা, পারিবারিক কলহ, পরিবারের কাছ থেকে সুবিধা আদায়ের চেষ্টা এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাব উল্লেখযোগ্য।