বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ষাটোর্ধ্ব এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ফিরোজা বেগম (৬০) শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, এদিন সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের গোপীনাথপুর এলাকায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়িটি তাকে ধাক্কা দেয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তার নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। পথিমধ্যে গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন শ্রবণ প্রতিবন্ধী (বধির) ফিরোজা বেগম। এ সময় প্রতিমন্ত্রীর গাড়িটি তাকে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ধানক্ষেতে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও উপস্থিত ছিলেন। এই ঘটনায় প্রতিমন্ত্রী নিজেও সামান্য আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
এদিকে, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন গুরুতর আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে দ্রুত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহত ফিরোজা বেগমের মরদেহ বর্তমানে হাসপাতালের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে অবস্থান করছেন। তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।