চট্টগ্রাম অভিমুখে লং মার্চের যাত্রা শুরুর প্রাক্কালে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন যে, গন্তব্যে পৌঁছাতে তারা কোনো বাধাকেই পরোয়া করবেন না। শনিবার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় জোটের এই লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের অধিকারের জন্য তারা এই লড়াইয়ে নেমেছেন এবং যেকোনো মূল্যে গন্তব্যে পৌঁছাবেন।
ডা. শফিকুর রহমান স্পষ্ট করেন যে, এই কর্মসূচি কোনো নির্দিষ্ট দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে পরিচালিত হচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না। দেশের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কারণে জনগণ অতিষ্ঠ। গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট থাকলেও বিলের চাপে সাধারণ মানুষ বিপর্যস্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের দায়ে গ্রেপ্তার হওয়া সিফাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই তরুণ পরিস্থিতির শিকার হয়ে প্রতিবাদ করেছিলেন। তার ভাষার প্রতি সমর্থন না থাকলেও প্রতিবাদের বিষয়বস্তুর সঙ্গে ১৮ কোটি মানুষ একাত্মতা প্রকাশ করবে। তিনি সিফাতকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সময় থাকতে তাকে মুক্তি দিন, অন্যথায় অতীতে নূর হোসেন, ইয়াসমিন বা ডা. মিলনের মতো ঘটনা বিভিন্ন সরকারের পতন ঘটিয়েছিল।
লং মার্চ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের দাবি আদায়ের অঙ্গীকার থেকেই এই কর্মসূচি শুরু হয়েছে, যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে লং মার্চ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রাপথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।