প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ২৪। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট। আজ শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। সকাল ৭টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়, যেখানে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সমাবেশের পর সকাল ৮টায় প্রায় দেড় হাজার গাড়ির বহর নিয়ে চট্টগ্রামের দিকে রওনা হওয়ার কথা রয়েছে। এই লংমার্চে অংশ নেওয়ার জন্য পূর্বনির্ধারিত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। যাত্রাপথে মোট চারটি পথসভায় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন এবং সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হবে। ১১ দলের কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটি এবং রুটসংশ্লিষ্ট নয়টি শাখা এই কর্মসূচি সফল করতে আগে থেকেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
এর আগে গত ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলের অবস্থান কর্মসূচি থেকে এই লংমার্চের ঘোষণা দিয়েছিলেন ডা. শফিকুর রহমান। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকা-চট্টগ্রামের পর ১৯ সেপ্টেম্বর রংপুর, ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া এবং ২১ নভেম্বর ট্রেনযোগে সিলেট অভিমুখে লংমার্চ পালিত হবে। সবশেষে ডিসেম্বর অথবা জানুয়ারিতে ঢাকায় মহাসমাবেশের পরিকল্পনা রয়েছে।
জোটের ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধ করা।