লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে নস্টালজিয়া ও আবেগের আবহ। দীর্ঘদিনের সতীর্থ রদ্রিগো ডি পল এই সিদ্ধান্তে গভীরভাবে আবেগাপ্লুত। ইন্টার মায়ামি ও আটলান্টা ইউনাইটেডের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার আগে ডি পল তার অধিনায়কের বিদায়ের এই মুহূর্তটি নিয়ে কথা বলেন। তিনি জানান, দেশের জন্য মেসির অবদান অতুলনীয় এবং জাতীয় দলের প্রতিটি মুহূর্ত তার কাছে অত্যন্ত প্রিয় ছিল।
আর্জেন্টাইন ড্রেসিংরুমে মেসির অবসরের সিদ্ধান্তের প্রভাব সম্পর্কে ডি পল বলেন, এটি তাদের জন্য অত্যন্ত আবেগঘন একটি সময়। মেসিকে মাঠে খেলতে দেখা সবসময়ই বিশেষ কিছু ছিল এবং বিশ্বজুড়ে আর্জেন্টিনার জার্সির জনপ্রিয়তার পেছনেও মেসির বড় অবদান রয়েছে। ডি পলের মতে, পৃথিবীর প্রতিটি প্রান্তে ১০ নম্বর জার্সি দেখাটা তাদের জন্য গর্বের বিষয়।
গত ৩১ আগস্ট মেসি নিশ্চিত করেন যে, তিনি আর্জেন্টিনার হয়ে আর মাঠে নামবেন না। এর মাধ্যমে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন এই তারকা। এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ডি পল প্রথম দিকেই বিদায়ী বার্তা পাঠান, যেখানে তিনি মেসির সুখী জীবন কামনা করেন।
মেসিকে লেখা খোলা চিঠিতে ডি পল তাকে সর্বকালের সেরা হিসেবে অভিহিত করেন। তিনি লিখেছেন, মেসির নিঃস্বার্থ ভালোবাসা, হার না মানা মানসিকতা, অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য এবং অসাধারণ নেতৃত্বের জন্য কেবল ধন্যবাদই যথেষ্ট। মাঠের বাইরের মেসিকেও তুলে ধরে ডি পল জানান, তিনি কখনো নিজের কথা বলতে পছন্দ করতেন না, বরং চেয়েছিলেন তার বুটই যেন মাঠে কথা বলে।
ফাইনালের আগের রাতগুলোতে মেসির ওপর থাকা চাপ, ভয়, দ্বিধা ও সমালোচনা খুব কাছ থেকে দেখার কথা উল্লেখ করে ডি পল বলেন, অন্য কেউ হলে হয়তো ভেঙে পড়ত, কিন্তু মেসি পরদিন সকালেই আবার মাঠে নামতেন। তিনি বিশ্বাস করেন, জাতীয় দলের হয়ে মেসির অবদান শুধু গোল বা শিরোপা দিয়ে বিচার করা সম্ভব নয়।