ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, আগের ঘোষণা থেকে সরে এসে নতুন করে প্রার্থী নির্ধারণের কাজ চলছে।
দলটির অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী হবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর আগে দলটির পক্ষ থেকে উত্তরে আরিফুল ইসলাম আদীব এবং দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়েছিল। আগামী দুই-তিন দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নতুন এই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা।
এই পরিবর্তনের অংশ হিসেবে দলটির দুই নেতা তাদের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। এনসিপির মুখপাত্র আসিফ এখন ঢাকা দক্ষিণ থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি ধানমন্ডি থেকে উত্তর সিটির আওতাধীন আফতাবনগর এলাকায় ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। অন্যদিকে, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন ঢাকা উত্তর থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন।
এনসিপির মিডিয়া কমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ পূরণ করে আবেদন করার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষার মাধ্যমে কমিশন তাদের ভোটার এলাকা পরিবর্তনের আবেদন অনুমোদন করেছে। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গত ২ সেপ্টেম্বর ভোটার স্থানান্তরের জন্য ৫ দিনের সময় দিয়েছিল, যা ৭ সেপ্টেম্বর শেষ হয়। ইসি মাঠপর্যায়ের কর্মকর্তাদের এসব আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়েছিল।