আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রার্থী ঘোষণার আগে এনসিপির পক্ষ থেকে ঢাকার দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় নাহিদ ইসলাম দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি ও কৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় কাউন্সিলর প্রার্থী নির্বাচনের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের স্থানীয় নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং তাদের পাশে থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে, আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতার বিষয়ে সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের কড়া নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক। সভায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার এবং ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব উল্লেখযোগ্য।