সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। তিনি জানিয়েছেন, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিলেন সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। এছাড়া জিয়া হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে চড়ে চট্টগ্রামে গিয়েছিলেন বলেও তিনি স্বীকার করেছেন।
আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা গণমাধ্যমকে এই জিজ্ঞাসাবাদের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামীকাল সোমবারও তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন স্বীকার করেছেন যে ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। এর ঠিক দুই দিন আগে, অর্থাৎ ওই বছরের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ একটি হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন। আর জিয়াউর রহমানকে সরাসরি গুলি করেছিলেন সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নৃশংসভাবে খুন হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই হত্যাকাণ্ডের দীর্ঘ ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানী ঢাকার বনানী এলাকা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি গত ২৩ জুলাই ট্রাইব্যুনাল তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদে নেওয়ার অনুমতি দিয়েছিলেন। বর্তমানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার রয়েছেন।