রাজধানীর গুলশানে সম্প্রতি ঘটে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের বিষয়ে সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যেই বিভিন্ন অপতৎপরতা চালানোর চেষ্টা করে। এর অংশ হিসেবে তারা ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে এবং তার ভিডিও ধারণ করে। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়টি তাদের নজরে রয়েছে বলে তিনি জানান।
গুলশানে মিছিলের ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত শুক্রবার দিনের বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে কিছু লোক সেখানে জড়ো হয়েছিল। তবে শুক্রবারের ওই নির্দিষ্ট সময়ে তারা এমন কিছু করতে পারে, তা হয়তো পুলিশ আগে আন্দাজ করতে পারেনি। তিনি গুলশানের এই ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ঘটনার পরপরই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে।