রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ফ্লাইওভার, মোড় এবং ঢাকায় প্রবেশের প্রধান পথগুলোতে দুই শতাধিক বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। এছাড়াও থানা মোবাইল প্যাট্রোল, ফুট প্যাট্রোল ও হোন্ডা প্যাট্রোল বৃদ্ধি করা হয়েছে।
সর্বশেষ ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার সামনে ও আশপাশে কয়েকটি ককটেল বিস্ফোরণে একজন অটোরিকশাচালক আহত হন। একই দিনে মহাখালী, আগারগাঁও ও মালিবাগেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার রাতে পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়ক এবং কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের নির্জন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়ীতে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণে আরও একজন রিকশাচালক আহত হন, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ধারণা করছে, ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
বিস্ফোরণের পাশাপাশি রাজধানীর মিরপুর, পল্লবী, বাড্ডা, মাতুয়াইল ও কদমতলীতে অন্তত পাঁচটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মিরপুর-১১ নম্বরে চলন্ত শিকড় পরিবহনের বাস, মিরপুর-১ এলাকায় অভিজাত পরিবহনের বাস এবং বাড্ডায় একটি বাসে আগুনের ঘটনা ঘটে। মিরপুর-১১-এর ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বড় কোনো তথ্য পাওয়া যায়নি।
ডিএমপি মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, বড় ধরনের নাশকতা বা অপরাধ প্রতিরোধে গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও এপিবিএনের সদস্যদের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪৭টি মামলা দায়ের হয়েছে। অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, গুলি, দেশীয় অস্ত্র এবং বিস্ফোরিত ককটেল থেকে লোহার পেরেক উদ্ধার করা হয়েছে। যাত্রাবাড়ীর ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় পৃথক মামলা ও জিডি করা হয়েছে।