বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার এবং বহুমাত্রিক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘বাংলাদেশ-চীন সাংস্কৃতিক অর্থনৈতিক ও গণসংযোগ কেন্দ্র’ আয়োজিত ‘চীনের জাতীয় দিবস’ উদযাপন এবং বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মঈন খান এসব কথা বলেন। তিনি বলেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুই দেশের মধ্যকার সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতেন। দীর্ঘদিনের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশে প্রায় চার বছর দায়িত্ব পালনকালে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার জন্য বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের প্রশংসা করেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে বিদায়ী রাষ্ট্রদূতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড. আবদুল মঈন খান আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অনুষ্ঠানে অংশ নেন।