হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিমানটিতে তল্লাশি চালিয়ে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় চার ঘণ্টাব্যাপী টানা অভিযান ও তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজটির টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০টি স্বর্ণের বার শনাক্ত করা হয়। উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বার ১০ তোলা ওজনের। সেই হিসেবে ৫০টি বারের মোট ওজন ৫০০ তোলা বা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। জব্দ করা এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।
প্রাথমিক গোয়েন্দা তথ্যে ফ্লাইটটিতে ১০০টিরও বেশি স্বর্ণের বার থাকার সম্ভাবনা জানানো হয়েছিল। যদিও এনবিআর শুরুতে ১০০টি বার উদ্ধারের তথ্য জানিয়েছিল, তবে পরবর্তীতে ৫০টি বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত হয়। এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমানবন্দরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সেখানে তল্লাশি ও অভিযান এখনও চলমান রয়েছে।