যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বারহাম সালেহ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত এই বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠককালে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত ভূমিকার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে সংকটের স্থায়ী সমাধানের জন্য রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণভাবে ফিরিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই এবং এ লক্ষ্যে আন্তর্জাতিক মহলের আরও জোরালো উদ্যোগ প্রয়োজন।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন বারহাম সালেহ। একই সঙ্গে এই সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ও গুরুত্বের বিষয়টি তিনি তুলে ধরেন।