আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের এবারের আসর। এই পুরস্কার কে জিতবেন, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে ২০২৪ সালের ব্যালন ডি’অর বিজয়ী রদ্রি ২০২৬ সালের এই পুরস্কারের দৌড়ে নিজের পছন্দের ছয়জন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছেন। স্প্যানিশ রেডিও অনুষ্ঠান ‘পার্তিজাদো দে কোপ’-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি তার পছন্দের তালিকায় নিজেকেসহ মার্ক কুকুরেয়া, পাউ কুবারসি, ফাবিয়ান রুইজ, লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসের নাম উল্লেখ করেছেন।
রদ্রি তার এই তালিকায় স্প্যানিশ খেলোয়াড়দেরই প্রাধান্য দিয়েছেন। তিনি বলেন, ‘আমি সত্যিই চাই একজন স্প্যানিশ খেলোয়াড় এটি জিতুক। আমাদের মধ্যে ছয়জন আছে; কুকুরেয়া, কুবারসি, রদ্রি, রুইজ, ইয়ামাল ও তোরেস।’ রদ্রি প্রতিটি খেলোয়াড়ের পক্ষেই নিজের যুক্তি তুলে ধরেন। তার মতে, ফাবিয়ান রুইজ সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন এবং পাউ কুবারসির ১৯ বছর বয়সেই অর্জন তাকে মুগ্ধ করেছে। এছাড়া গুরুত্বপূর্ণ ম্যাচে ফেরান তোরেসের অবদান এবং লামিনে ইয়ামালের অসাধারণ পারফরম্যান্সের কথা তিনি আলাদাভাবে উল্লেখ করেন। নিজের ক্ষেত্রে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার বিষয়টি তুলে ধরেন।
রদ্রির এই তালিকায় বর্তমান বিশ্বের বড় অনেক তারকার নাম না থাকায় বেশ চমক তৈরি হয়েছে। কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, হ্যারি কেইন, উসমান দেম্বেলে ও খভিচা কাভারাতস্কেলিয়ার মতো খেলোয়াড়রা তার ব্যক্তিগত পছন্দের তালিকায় জায়গা পাননি। তবে রদ্রি স্বীকার করেছেন যে দিনশেষে বিজয়ী একজনই হবে এবং সৌভাগ্যবশত ভোট দেওয়ার দায়িত্ব তার নয়।
এমবাপ্পে ও লামিনে ইয়ামাল নিজেদের বিশ্বের সেরা খেলোয়াড় দাবি করায় রদ্রি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তার ভাষায়, তারা নিজেদের সেরা মনে করে এটা দারুণ বিষয়। পাশাপাশি, বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পাওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন। রদ্রি নিশ্চিত করেছেন যে ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিতব্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ২০২৪ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ অংশ নেয়নি। ক্লাবটি আগে থেকেই জানতে পেরেছিল যে তাদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র পুরস্কারটি পাচ্ছেন না, যা শেষ পর্যন্ত রদ্রির হাতেই উঠেছিল।