আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে উন্মাদনার শেষ নেই। আগামী ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন এই খুদে জাদুকর। বিদায়ী এই বিশেষ ম্যাচে মেসি কোন জার্সি পরে মাঠে নামবেন, অবশেষে তা প্রকাশ্যে এসেছে। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যাডিডাস মেসির শেষ ম্যাচের জন্য বিশেষভাবে ডিজাইন করা তিন স্ট্রাইপের জার্সিটি উন্মোচন করেছে।
নতুন এই জার্সিতে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-নীল রঙের দুটি বড় উল্লম্ব স্ট্রাইপ থাকবে এবং মাঝখানে থাকবে একটি সাদা স্ট্রাইপ। জার্সির একেবারে কেন্দ্রে শোভা পাবে আর্জেন্টিনার জাতীয় পতাকার সূর্যের প্রতীকটি। এছাড়া মেসির নাম এবং তার চিরচেনা ১০ নম্বর জার্সিটি সোনালি রঙে ফুটিয়ে তোলা হয়েছে। ইতোমধ্যে এই বিশেষ জার্সিটি বাজারে বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে।
নিজের বিদায়ী ম্যাচের এই জার্সি নিয়ে গত সোমবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন মেসি। ভিডিওতে দেখা যায়, দেয়াল থেকে পুরোনো জার্সি সরিয়ে তিনি ক্যারিয়ারের শেষ ম্যাচের নতুন জার্সিটি টাঙিয়ে রাখছেন। এছাড়া তার সামনের একটি সোফায় রাখা ছিল আকাশি-নীল রঙের এক জোড়া বুট জুতো। ভিডিওর ক্যাপশনে মেসি আবেগঘন কণ্ঠে লিখেন, ‘একটা মাত্র ম্যাচ। সারা জীবনের এক জার্সি।’
এদিকে মেসির বিদায়ী ম্যাচের টিকিটের জন্য সমর্থকদের মাঝে তুমুল কাড়াকাড়ি পড়ে গেছে। গতকাল টিকিট ছাড়ার পর দিপোর্তিক ওয়েবসাইটে একসঙ্গে অসংখ্য ভক্ত হুমড়ি খেয়ে পড়লে টিকিট বিক্রির সার্ভারটি সাময়িকভাবে ক্র্যাশ করে। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র দুই ঘণ্টার মধ্যেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
এবারের ১৬ দিনের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা মোট তিনটি ম্যাচ খেলবে। আগামী ৩০ সেপ্টেম্বর মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এরপর ২ ও ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ যথাক্রমে বুরকিনা ফাসো ও বেনিন। তবে মেসি শুধুমাত্র ৬ অক্টোবরের বেনিন ম্যাচটিতেই মাঠে নামবেন।
এর আগে গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ডায়েরির তিনটি ছেঁড়া পাতা এবং একটি সোনালি কলমের ছবি পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন মেসি। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ২০৭টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ১২৫টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮টি গোল।