ঘরের মাঠে দীর্ঘ ৪০ বছরের শিরোপা খরা কাটানোর দারুণ সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে টাইব্রেকারের স্নায়ুচাপের লড়াইয়ে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো না দিয়াগো প্লাসেন্তের শিষ্যদের। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে রৌপ্য পদক নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আলবিসেলেস্তেদের। অন্যদিকে, আর্জেন্টিনাকে হারিয়ে প্যারাগুয়ে নিশ্চিত করেছে তাদের ঐতিহাসিক স্বর্ণপদক।
রোসারিওর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তারের চেষ্টা চালায় আর্জেন্টিনা। তবে পুরো ৯০ মিনিটের খেলায় প্যারাগুয়ের জমাট রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় স্বাগতিকরা। বিপরীত দিকে, প্যারাগুয়েও কয়েকটি সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি সরাসরি টাইব্রেকারে গড়ায়।
পেনাল্টি শুটআউটে প্যারাগুয়ের ফুটবলাররা নিজেদের স্নায়ু ধরে রেখে পাঁচটি শটের সবকটিতেই গোল করতে সক্ষম হন। বিপরীতে আর্জেন্টিনার একজন ফুটবলার শট মিস করায় ৫-৪ ব্যবধানের জয়ে উৎসবে মেতে ওঠে প্যারাগুয়ে।
পুরো টুর্নামেন্টেই প্যারাগুয়ের কাছে বেশ বেগ পেতে হয়েছে আর্জেন্টিনাকে। এর আগে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচেও আলবিসেলেস্তেরা এই প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল। পরবর্তীতে উরুগুয়েকে ১-০ গোলে হারানো এবং ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা। সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটলেও শেষ পর্যন্ত শিরোপা জেতা আর হলো না। উল্লেখ্য, দক্ষিণ আমেরিকান গেমসের ফুটবলে আর্জেন্টিনা সর্বশেষ স্বর্ণপদক জিতেছিল ১৯৮৬ সালে।