সাংবাদিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ওয়েজ বোর্ডসহ তাদের পেশাগত অধিকার বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ বিষয়ক এক কনসালটেশন সভায় তিনি এ কথা বলেন। সভায় পূর্ববর্তী আলোচনার ভিত্তিতে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত সাংবাদিকরা যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন এবং সাংবাদিক পরিচয় ব্যবহার করে অযোগ্য কেউ যেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা গ্রহণ করতে না পারেন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য গণমাধ্যম ও সাংবাদিকের সংজ্ঞা সুস্পষ্ট হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের অধিকার ও ওয়েজ বোর্ড বিষয়ে একটি গ্রহণযোগ্য কাঠামো প্রণয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সাংবাদিকদের পেশাগত স্বীকৃতির জন্য একটি সুস্পষ্ট কাঠামোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, এ ক্ষেত্রে বার কাউন্সিলের মতো কোনো ব্যবস্থা করা যায় কি না, তা নিয়ে সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট পরামর্শ চাওয়া হয়েছে।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, একুশে টেলিভিশনের সিইও আবদুস সালাম, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও মোস্তফা আকমল, ডা. শাখাওয়াত হোসেন সায়ন্ত, শারমিন রিনভী, জাহেদ চৌধুরী ও মাসউদুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞাও সভায় অংশ নেন।