পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল তাদের আন্তর্জাতিক বিরতির প্রীতি ম্যাচ খেলার লক্ষ্যে ভারতের কলকাতায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ব্রাজিলের খেলোয়াড়রা বিমানবন্দরে অবতরণ করেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দেশের প্রতীকী সবুজ ও হলুদ রঙে রাঙানো দুটি বাসে করে তারা দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হওয়ার সময় নিরাপত্তা ব্যবস্থা এতটাই কড়া ছিল যে, সাধারণ দর্শকরা তাদের খুব একটা কাছ থেকে দেখার সুযোগ পাননি। মাত্র ১১ মিনিটের মধ্যে ৯০ জনের পুরো বহরটি বিমানবন্দর এলাকা ছেড়ে যায় এবং ৮ মিনিটের মধ্যে টিম হোটেলে পৌঁছায়।
হোটেলের ভেতরে কিছু ভক্ত খেলোয়াড়দের একনজর দেখার সুযোগ পেয়েছেন। এসময় ভিনিসিয়ুস জুনিয়রকে দেখা মাত্রই লবি থেকে ভক্তদের কণ্ঠে ‘ভিনি ভিনি’ স্লোগান ভেসে আসে। খেলোয়াড়দের পরনে ছিল জলপাই সবুজ রঙয়ের হুডি, শর্টস এবং হলুদ ক্যাপ। তবে ইনজুরির কারণে এই সফরে রাফিনিয়া দলের সঙ্গে নেই।
শুক্রবার সকালে কোচ কার্লো আনচেলত্তি সংবাদ সম্মেলন করবেন এবং বিকেলে ৪টা থেকে ৫টা পর্যন্ত যুব ভারতী ক্রীড়াঙ্গনে দলের মূল অনুশীলন অনুষ্ঠিত হবে। শনিবার ফিফা র্যাঙ্কিংয়ের ১৩৮ নম্বরে থাকা ভারতের বিপক্ষে মাঠে নামবেন ভিনিসিয়ুসরা।
কলকাতায় আসার আগেই ব্রাজিল তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা পোস্ট করেছে, যেখানে ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর পেলের কলকাতায় আগমন এবং মোহনবাগানের বিপক্ষে ম্যাচের স্মৃতিচারণ করা হয়েছে। সেই সময় পেলে নিউইয়র্ক কসমসের জার্সি গায়ে ইডেন গার্ডেনসে খেলেছিলেন। এখন প্রায় ৫০ বছর পর কলকাতা আবারও ব্রাজিলের ফুটবল ইতিহাসের অংশ হতে চলেছে।
ম্যাচ শেষ হয়েছিল ২-২ ফলে, পেলে ৩০ মিনিট খেলেছিলেন।
তার পাশেই ছিলেন ১৯৭০-এর বিশ্বকাপজয়ী কার্লোস আলবের্তো তোরেস।’ ফেডারেশন আরও লিখেছে, ওই প্রদর্শনী ম্যাচ ছিল এশিয়ায় কসমসের যাত্রার একটি অংশ।