আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচটি গোলশূন্য প্রথমার্ধ দিয়ে শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোরে এস্তাদিও মনুমেন্টালে অনুষ্ঠিত এই ফিফা প্রীতি ম্যাচে দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও কেউ তা কাজে লাগাতে পারেনি। নানা আনুষ্ঠানিকতার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট দেরিতে মাঠে গড়ায়।
ম্যাচ শুরুর আগে ৮৫ হাজার দর্শক মেসিকে উষ্ণ অভ্যর্থনা জানান। জাতীয় সংগীতের সময় মেসিকে বেশ আবেগপ্রবণ দেখা যায় এবং ম্যাচ শুরুর আগে বেনিনের পক্ষ থেকে তাকে বিশেষ উপহার প্রদান করা হয়। প্রথমার্ধে গোল না পেলেও মেসি নিজে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন। বেনিনের গোলমুখে তার নেওয়া প্রথম শটটি প্রতিপক্ষ গোলরক্ষক মার্সেল দান্দজিনু রুখে দেন। এরপর ফ্রি কিক থেকেও গোল পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আবারও বাধা হয়ে দাঁড়ান বেনিনের গোলরক্ষক। প্রথমার্ধের শেষদিকে লাউতারো মার্টিনেজের ক্রসে মেসির নেওয়া ভলি পোস্ট ঘেঁষে চলে গেলে গোলবঞ্চিত হতে হয় আটবারের ব্যালন ডি'অর জয়ীকে।
অন্যদিকে, বেনিনও গোলের সুযোগ তৈরি করেছিল। তারা লক্ষ্যে দুটি শট রাখলেও এমিলিয়ানো মার্টিনেজের দৃঢ়তায় সফরকারীরা গোল পায়নি। খেলা চলাকালীন ১০ মিনিটের মাথায় রেফারি বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে দেন। এ সময় খেলোয়াড়, কোচিং স্টাফ এবং গ্যালারির দর্শকরা দাঁড়িয়ে মেসিকে সম্মান জানান। মেসিও হাততালি দিয়ে এবং দর্শকদের দিকে হাত নেড়ে এই বিশেষ শ্রদ্ধা নিবেদনের জবাব দেন, যা প্রায় এক মিনিট ধরে স্থায়ী ছিল।