মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি প্রদান এবং তাদের মর্যাদা ও ঐতিহ্য সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের জন্য মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন, তাদের স্বীকৃতি নিশ্চিত করা এবং সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনের ক্ষেত্রে সবাইকে অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল হতে হবে, যাতে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়।
প্রতিনিধিদলের পক্ষ থেকে এ সময় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি ও কল্যাণসংক্রান্ত বিষয়গুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। তারা বিগত ফ্যাসিস্ট আমলে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করা এবং রাজনীতিকে দূষিত করার মতো গুরুতর অভিযোগ করেন। একই সঙ্গে তারা মুক্তিযোদ্ধাদের নিজস্ব উদ্যোগে একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের পরিকল্পনার কথাও জানান।
রাষ্ট্রপতি প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।