সৌদি আরবের রাজধানী রিয়াদগামী দুই ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অনিবার্য পরিচালনগত জটিলতার কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নির্ধারিত এই সার্ভিস দুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। শনিবার রাতে বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের স্থগিত হওয়া ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ এবং বিজি৩৪০। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট ফ্লাইটগুলোর যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
সংস্থাটি জানিয়েছে, পুরো পরিস্থিতি বর্তমানে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন কিংবা বর্তমান অবস্থা সম্পর্কে হালনাগাদ বিস্তারিত তথ্য রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ফ্লাইট স্থগিতের ফলে যাত্রা ব্যাহত হওয়ায় যাত্রী ও তাদের পরিবার যে অসুবিধার মুখোমুখি হয়েছেন, সে জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। ভুক্তভোগী যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ যেকোনো টিকিট বিক্রয়কেন্দ্রে যেতে পারেন। পরবর্তী নতুন তথ্য পাওয়ামাত্রই বিমানের অফিসিয়াল ওয়েবসাইট ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দ্রুত প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।