ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশের শ্রীনগরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পানিভর্তি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় প্রাণ হারানো ৩ জনের মধ্যে চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামের একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত বাকি দুই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়ে জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করছিল। অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন পার হয়ে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।
খবর পাওয়ার পরপরই শ্রীনগর ফায়ার স্টেশনের ২টি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকারীরা আহতদের মধ্যে ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। এ ছাড়া আঘাত গুরুত্বর না হওয়ায় অন্য ৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন— হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) এবং বোরহান উদ্দিন (৫৫)। আহতরা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরা জেলার বিভিন্ন এলাকার অধিবাসী।