আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ফ্যাশন ডিজাইনার ও মডেল রাকিব হাসান। গত ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড হাইল্যান্ড এলাকার ডলবি থিয়েটারে আয়োজিত লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইক ২০২৬-এর রানওয়েতে হেঁটেছেন তিনি। এবারের আসরে একমাত্র বাংলাদেশি মডেল হিসেবে রাকিব হাসানের এই অংশগ্রহণ দেশের ফ্যাশন জগতের জন্য এক উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২৩ সালে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রাকিব হাসান। নতুন পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করতে ফ্যাশন ডিজাইনিংয়ের অভিজ্ঞতা এবং মডেলিংয়ের প্রতি গভীর আগ্রহকে সম্বল করে এগিয়ে যেতে থাকেন তিনি। আন্তর্জাতিক মিডিয়া ও ফ্যাশন অঙ্গনে নিজের জায়গা করে নেওয়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই তরুণ প্রতিভা।
ফ্যাশন ডিজাইনার হিসেবে অর্জিত জ্ঞান এবং মডেলিংয়ের প্রতি অদম্য ভালোবাসা রাকিব হাসানকে নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণে অনুপ্রাণিত করছে। তাঁর এই আন্তর্জাতিক সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনই নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণদের সম্ভাবনার প্রতিফলন। রাকিব হাসানের এই অগ্রযাত্রা ভবিষ্যতে আরও সাফল্যমণ্ডিত হবে এবং তিনি আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের পরিচিতি আরও জোরালো করবেন বলে প্রত্যাশা করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।