মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের জন্য নির্ধারিত সময়সীমা দেড় মাস বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেলের মালিকরা এখন ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করার সুযোগ পাবেন। বৃহস্পতিবার বিআরটিএ তাদের নিজস্ব ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই সময়সীমা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ১৬ অক্টোবর এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিআরটিএ মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করেছিল। সেই নির্দেশনায় প্রাথমিকভাবে এই কাজ শেষ করার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
বিআরটিএর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। নতুন নির্দেশনার আওতায় এখন থেকে পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন করা বাধ্যতামূলক।
সামনের এই ম্যানুয়াল নম্বরপ্লেটের আকার ও নকশার বিষয়েও সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে বিআরটিএ। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। এছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ক্ষেত্রেই নম্বরপ্লেটে থাকা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নিবন্ধন নম্বরটি একটি আনুভূমিক রেখায় লিখতে হবে। উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ নম্বরটির কথা উল্লেখ করা হয়েছে।