পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সোনাপাতিল বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বজ্রপাতে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই বিলের একটি সেতুর কাছে স্থানীয় কয়েকজন বাসিন্দা মাছ ধরা ও কৃষিকাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা নিরাপদ আশ্রয়ের জন্য একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। ওই সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র অনুযায়ী, নিহতদের মধ্যে কিশোর ও তরুণ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।